নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: রবিবার ১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন এলাকার কৃষকরা। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মাঝেরগ্রাম পঞ্চায়েতের দেওয়ানগদী বাজার সংলগ্ন এলাকায় “কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটি”-র উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগ, মন্তেশ্বর ব্লকের মাঝেরগ্রাম অঞ্চলের দেওয়ানগদী এলাকায় একাধিক চাষির সাবমারসিবল পাম্পের বিদ্যুৎ সংযোগ হঠাৎই বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর। ফলে চাষের কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
বর্তমানে ধানের বীজ রোপণের সময়—এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় রোয়া জমির ধানগাছ শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি কৃষকদের।
বিক্ষোভ মঞ্চ থেকে কৃষকরা সাত দফা দাবি উত্থাপন করেন। মূল দাবিগুলি হল—অবিলম্বে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে হবে, চাষিদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহার করতে হবে, ভুতুড়ে বা অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল পাঠানো বন্ধ করতে হবে।
কৃষি বিদ্যুতের বার্ষিক বিল ৭,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে নির্দিষ্ট করতে হবে, প্রতি কুইন্টাল ধানের মূল্য ৩,০০০ টাকা নির্ধারণ করতে হবে, ন্যায্যমূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার কারণে কৃষি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

