নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: বুধবার ১১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের হিজলনা অঞ্চলের বাবরাকপুর পূর্বপাড়ায় ধরা পড়ল তীব্র পানীয় জলের সংকটের চিত্র। এলাকায় কল থাকলেও তাতে জল নেই। ফলে নিত্য প্রয়োজনীয় জলের জন্য চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ৬০ থেকে ৭০টি পরিবারের বাসিন্দারা।
হিজলনা পঞ্চায়েতের সদস্য সোনেহারা বেগম শেখকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্ৰামবাসির। আরও অভিযোগ মুখ খুললেই পঞ্চায়েত সদস্যার স্বামী সেখ মহম্মদ ঘরে হামলা চালায় বলে অভিযোগ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যার স্বামী শেখ মোহাম্মদ, যিনি ব্লকের সাধারণ সম্পাদকও।
তাঁর দাবি, টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর ঘরে হামলার কথাও সম্পূর্ণ মিথ্যা।তিনি জানান, বর্তমানে গরম পড়তে শুরু করেছে এবং চারদিকে বোরো ধানের চাষ হওয়ায় ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাচ্ছে। সেই কারণেই কিছু জায়গায় জল সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে।
তবে সজলধারা প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেও দাবি করেন তিনি।গ্ৰামবাসিরা জানান আগে এই পাড়ায় তিনটি চাপা কল ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলি ভেঙে অচল হয়ে পড়ে রয়েছে।
অন্যদিকে ‘সজল ধারা’ প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি কল বসানো হলেও গত তিন থেকে চার মাস ধরে সেই কলেও জল আসছে না বলে অভিযোগ। ফলে পানীয় জল, স্নান কিংবা কাপড় কাচা—সব কিছুর জন্যই বাসিন্দাদের অনেক দূরে চাষের মাঠে থাকা একটি সাবমারসিবল পাম্পের উপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয় গৃহবধূদের অভিযোগ, প্রতিদিন সরু আলপথ ধরে অনেকটা পথ হেঁটে মাঠে গিয়ে জল আনতে হচ্ছে। সন্ধ্যার পর সেখানে সাপের ভয়ও থাকে। তবুও বাধ্য হয়ে সেই সাবমারসিবল থেকেই জল সংগ্রহ করতে হচ্ছে। এতে চরম সমস্যার মুখে পড়েছেন বাবরাকপুর পূর্বপাড়ার বাসিন্দারা, বিশেষ করে মহিলারা।

