প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মিড ডে মিলে ইলিশ-চিংড়ির চমক – ফলতার স্কুলে পুষ্টির রাজকীয় আয়োজন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ফলতা :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দেখা গেল এক অভিনব চিত্র।

বিদ্যালয়ের ৩৯৪ জন ছাত্রছাত্রীদের জন্য এদিন মিড ডে মিলের আহারে পরিবেশন করা হয় বিশেষ পুষ্টিকর ও আকর্ষণীয় খাদ্যতালিকা, যা ঘিরে পড়ুয়াদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ।

সাধারণ দিনের মতো শুধুমাত্র ভাত-ডালেই সীমাবদ্ধ থাকেনি মেনু। এদিন পড়ুয়াদের জন্য ছিল ভাত, ডাল, আলুমাখার পাশাপাশি ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ মাছের তেল এবং বাগদা চিংড়ি মাছের সুস্বাদু তরকারি।

এমন সমৃদ্ধ খাবার পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস। অনেকেই জানায়, এত বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবার তারা আগে মিড ডে মিলে পায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর এ বিষয়ে জানান, “প্রধানমন্ত্রী পোষণ শক্তি যোজনার মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের পুষ্টির মান বৃদ্ধি করা এবং তাদের সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া। সেই ভাবনা থেকেই আমরা আজকের এই বিশেষ খাদ্য তালিকার আয়োজন করেছি।

ইলিশ ও চিংড়ি মাছ প্রোটিনসমৃদ্ধ এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের শুধু পুষ্টির জোগান দেয় না, বরং তাদের স্কুলমুখী করতেও বিশেষভাবে সহায়ক। অনেক সময় দেখা যায়, উন্নত মানের খাবারের আকর্ষণে পড়ুয়াদের উপস্থিতির হারও বেড়ে যায়।

তাই ভবিষ্যতেও নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের বিশেষ মেনু চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় অভিভাবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, শিশুদের সুষম খাদ্য নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়নের এক উজ্জ্বল উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eight =