সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বুধবার ১৮,মার্চ :: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন সিপিএম-আইএসএফ জোট প্রার্থী চন্দন সাহা।
সোমবার বিকেলে সিপিএমের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই জনসংযোগ কর্মসূচিতে নেমে পড়েন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের জন্য সিপিএমের প্রার্থী হিসেবে চন্দন সাহার নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরেই মগরাহাট বাজার এলাকায় সমর্থক ও কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করেন তিনি।
বাজার এলাকায় ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে জোট প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান।
জনসংযোগ কর্মসূচির সময় চন্দন সাহা দাবি করেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মগরাহাট পূর্ব কেন্দ্র থেকে জয়ের বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী। তাঁর কথায়, বর্তমান সরকারের আমলে রাজ্যে কর্মসংস্থানের চরম সংকট তৈরি হয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার ঘটনা রাজ্যের শিক্ষিত যুব সমাজকে হতাশ করেছে। এছাড়াও কাজের অভাবে লক্ষ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
চন্দন সাহা আরও বলেন, রাজ্যের সাধারণ মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে বাংলার এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন।
সেই বিকল্প শক্তি হিসেবে সিপিএম এবং বাম জোটের উপরই মানুষ আস্থা রাখছেন বলে দাবি তাঁর। জনসংযোগে বেরিয়ে মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

