সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। যদিও ভোটের দিন ঘোষণা হয়নি, প্রার্থী তালিকাও ঘোষণা করেনি কোনও রাজনৈতিক দলই।
তবে প্রার্থী তালিকা ঘোষণার আগেই লাভলি মৈত্রের নামে প্রচার শুরু হয়ে গেল। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে অরুন্ধতি মৈত্র ওরফে লাভলি মৈত্রের নামে দেওয়াল লিখন শুরু করেন কাউন্সিলর কৃষ্ণ মণ্ডল ।
যা নিয়ে বিতর্কে তোলপাড় রাজ্য রাজনীতি। বিতর্কের জেরে সঙ্গে সঙ্গে মোছা হল লাভলি মৈত্রের নাম। অতি উৎসাহী হয়ে কর্মীদের কাজ, পরে মুছে দেওয়া হয়েছে, প্রতিক্রিয়া লাভলি মৈত্রের। তবে বিতর্ক তাতে থামছে না।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘সোনারপুরে পদপ্রার্থী হিসাবে বিধায়িকা লাভলি মৈত্রের নামে দেওয়াল লিখন হয়েছে সকলেই দেখেছেন। আমি জানি না দল থেকে হয়তো বলে দিয়েছে আপনি প্রার্থী না হলেও আপাতত লিখুন বা কম্পিটিশনে থাকুন যাতে প্রার্থী হতে পারেন।
ঘোষণা করবে তো দল। তার আগে দেওয়ালে লেখাও হয়ে গিয়েছে। ছবিও উঠে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলেও গিয়েছে। অস্বস্তিতে পড়ে এখন হয়তো তা মুছতে হচ্ছে। তৃণমূলে সবই সম্ভব।’

