নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৩১,মার্চ :: প্রার্থী বদলের পর ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থীকে নিয়ে কর্মী-সমর্থকদের গেরুয়া আবির খেলে উল্লাস। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই ডালিম রায় ময়নাগুড়ি বিজেপি কার্যালয়ে আসেন সেখানে ভিড় জমায় কর্মী সমর্থকরাও।
উল্লেখ্য দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকায় ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়। এরপর স্থানীয় কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। প্রার্থী বদলের দাবিতে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি সহ বেশ কয়েকজনকে তালাবন্দি করে রাখা হয়।
বিজেপির নেতা কর্মীদের অভিযোগ ছিল কৌশিক রায়কে আপদে বিপদে পাওয়া যায় না। তাই তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ তারা।
এরপর এদিন চতুর্থ দফায় বিজেপির তালিকা প্রকাশ হতেই দেখা যায় ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থীবদল করা হয়েছে। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক ডালিম রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ইতিমধ্যে ভোট প্রচার শুরু করে দিয়েছেন কৌশিক রায়। সেক্ষেত্রে কৌশিক রায়ের সঙ্গে যারা ছিলেন তারা কোন দিকে যাবেন এটাই এখন দেখার বিষয়।

