বকখালিতে ‘যুদ্ধবিমান’ – চমকে উঠলেন মৎস্যজীবীরা”

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকখালি :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বকখালি সংলগ্ন এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। ফাঁকা সমুদ্র সৈকতে আচমকাই দেখা মিলল লাল-হলুদ রঙের জেট বিমানের আদলে তৈরি একটি অজানা যন্ত্রের।

ঘটনাটি ঘটে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে, যা জনপ্রিয় পর্যটনকেন্দ্র বকখালির একেবারে কাছেই অবস্থিত। মুহূর্তের মধ্যেই এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও কৌতূহল। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে প্রথম ওই যন্ত্রটি দেখতে পান।

দূর থেকে অস্বাভাবিক কিছু মনে হওয়ায় তাঁরা কাছে এগিয়ে যান। কাছে গিয়েই তাঁদের চক্ষু চড়কগাছ—দেখা যায়, একটি বড় আকারের জেট বিমানের মতো দেখতে যন্ত্র পড়ে রয়েছে সৈকতের বালির উপর।লাল ও হলুদ রঙে রাঙানো সেই যন্ত্রটির গঠন দেখে প্রথমে অনেকেই সেটিকে প্রকৃত বিমান বলে ভুল করেন। আরও কাছে গিয়ে দেখা যায়, যন্ত্রটির ভিতরে রয়েছে বিভিন্ন তার-সংযুক্ত প্রযুক্তিগত অংশ, যা দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়।

খবর দ্রুত ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন দলে দলে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। একসময় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছয়।

পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ অবশেষে উদ্ধার করে ওই রহস্যময় যন্ত্রটি। তদন্তে উঠে আসে, এটি আসলে একটি বিশেষ ধরনের ড্রোন, যার ডানায় ‘Shikra Drone’ লেখা রয়েছে।

এই ড্রোনটি এক ধরনের এরিয়াল টার্গেট ড্রোন, যা প্রতিরক্ষা মহড়ার কাজে ব্যবহৃত হয়। সূত্রের খবর, ‘Anadrone System’ নামে একটি সংস্থা এই ধরনের ড্রোন তৈরি করে থাকে। ভারতীয় নৌবাহিনী ও বায়ুসেনা বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় শত্রু বিমানের অনুকরণে এই ড্রোন ব্যবহার করে থাকে।

প্রযুক্তিগতভাবে এই ড্রোনগুলি অত্যন্ত উন্নতমানের। এগুলি প্রপেলার বা জেট—দুই ধরনের শক্তিতেই চালিত হতে পারে এবং উচ্চ পার্বত্য এলাকা থেকে শুরু করে সমুদ্র বা স্থলভাগ—সব ধরনের পরিবেশেই কার্যকর।

এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষার সময় এই ধরনের ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তবে কীভাবে এই ড্রোনটি বকখালির মতো জনবহুল পর্যটন এলাকার কাছে এসে পড়ল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =