নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: বর্ধমান শহরের রেনেসাঁ উপনগরীতে বর্ধমান থানার পুলিশের অভিযানে একটি সুইফ্ট ডিজায়ার গাড়ির ভিতর থেকে প্রায় সাড়ে ছয় লক্ষাধিক নগদ টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রেপ্তার দুই যুবক। অভিযুক্ত দুই যুবককে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ।
তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা দুই যুবক ওই টাকার কোনো বৈধ নথি বা কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা। দু’জনেরই বাড়ি বাঁকুড়া জেলায়। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বেলিয়াতোড় থানার বদরকোদা এলাকায় এবং বাপন হাঁসদার বাড়ি বাঁকুড়া জেলার চন্দ্রা এলাকায় বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কোনো বেআইনি লেনদেন জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

