বর্ধমান শহরের মিউনিসিপাল গার্লস হাই স্কুলে ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিলো ওই স্কুলের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: বর্ধমান শহরের মিউনিসিপাল গার্লস হাই স্কুলে ভর্তির নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছিলো ওই স্কুলের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে । ঘটনায় ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতের নাম অমিত চোঙদার।

তিনি বর্ধমান শহরের রাধানগর পাড়ার বাসিন্দা এবং ওই স্কুলে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় , জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করে পুলিশ ।ঘটনার সূত্রপাত হয় বর্ধমান শহরের বাসিন্দা মুনিয়া কোলের অভিযোগে। তিনি জানান, তার মেয়েকে বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুলে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত প্রথমে ২৫ হাজার টাকা দাবি করেন।

অভিযোগকারীর দাবি, গত ডিসেম্বর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে অভিযুক্তের হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

এরপর একাধিকবার যোগাযোগ করা হলেও ভর্তির বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। পরে তাকে জানানো হয়, মার্চ মাসে ভর্তি করানো হবে এবং তার জন্য বাকি ২০ হাজার টাকা দিতে হবে। তার দাবি, মেয়ের ভর্তির নাম করে ধারাবাহিকভাবে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে।

এই ঘটনার গুরুত্ব আরও বাড়ে যখন অভিযুক্ত অমিত চোঙদার নিজেই স্বীকার করে যে, ভর্তি করিয়ে দেওয়ার নাম করে এক অভিভাবকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে। তার এই স্বীকারোক্তির পরই বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগ প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =