বাজারে মন্দা, সঙ্গে দোসর বৃষ্টি! জলের দরে আলুতেও পচনের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ১৭,মার্চ :: আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর থেকেই ক্রমেই দানা বাঁধছিল আশঙ্কার মেঘ। এবার তাই যেন সত্যি হল। একদিকে বাজারে মন্দা, অন্যদিকে প্রকৃতির রোষ, দুইয়ের জাঁতাকলে পড়ে বর্তমানে নাভিশ্বাস ওঠার জোগাড় জলপাইগুড়ির ধূপগুড়ির আলু চাষিদের।

https://youtube.com/shorts/qhAE

বৃহস্পতির পর শুক্রবার তারপর টানা শনি ও রবিবারের টানা ঝড়-ভারী বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলুক্ষেত এখন জলের তলায়। ফলে মাঠের ফসল মাঠে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় মাথায় হাত পড়েছে কয়েক হাজার কৃষকের। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকার আলুক্ষেতগুলিতে বর্তমানে প্রায় হাঁটু সমান জল।

আলু তোলাই যে শুধু চলছিল তাই নয়, হিমঘরে পাঠানোর জন্য জমিতেই সার দিয়ে বস্তা বোঝাই করে রাখা ছিল প্রচুর আলু।

সেগুলিও ভিজে সপসপে হয়ে গিয়েছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘক্ষণ জল জমে থাকলে আলুতে দ্রুত পচন ধরবে। রোদ না উঠলে, জল না নামলে জমি থেকে বাকি আলুও জমি থেকে তোলা কার্যত অসম্ভব।

চাষিদের অভিযোগ, এ বছর আলু চাষের খরচ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এক গাড়ি আলু ফলাতে যেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হয়েছে, সেখানে বর্তমান বাজারে সেই আলু বিক্রি করলে মিলছে মাত্র ৪০ হাজার টাকার কাছাকাছি। অনেক সময় তাও মিলছে না।

অর্থাৎ খরচের অর্ধেক দামও পাচ্ছেন না কৃষকরা। এই বিপুল আর্থিক ক্ষতির বোঝা কীভাবে সামাল দেবেন, তা ভেবেই দিশেহারা এলাকার চাষিরা। চাষিরা বলছেন, সরকার বলছে আলু কিনবে, কিন্তু সেখানেও সীমা রয়েছে। আর যে দাম দেওয়া হচ্ছে তাতে লাভের লাভ কিছু হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =