নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঢুড়ি বাজারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন অন্তত ২০ জন।
এই সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। এদিন বিকেলে ঢুড়ি বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই হাতাহাতি ও পরে ইট-পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।
অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ একে অপরের দিকে দেদার ইট-পাটকেল ছোড়ে, ফলে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।
সূত্রের খবর, এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখ নামে দুই স্থানীয় প্রভাবশালীর অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছে। অভিযোগ, আজাদ ও তাঁর অনুগামীরা আচমকা মুর্শিদ ও তাঁর সমর্থকদের উপর হামলা চালায়।
যদিও আজাদের দাবি, প্রথমে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল, পরে আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর ঢুড়ি বাজার ও সংলগ্ন এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

