বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে! ইমেল-হুমকিতে বোমাতঙ্ক চুঁচুড়া আদালতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: কর্মব্যস্ত সময়ে চুঁচুড়া আদালতে বোমাতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে জেলা জজের কাছে ইমেল মারফত ওই হুমকি আসে। তারপরই কার্যত হুলুস্থুল পড়ে যায় আদালত চত্বরে। পুলিশ কমিশনারেট থেকে দ্রুত পুলিশ আদালত চত্বরে পৌঁছে যায়।

আদালত ফাঁকা করে শুরু হয় তল্লাশি। এই তল্লাশি অভিযানে আনা হয়েছে স্লিপার ডগ। আদালতে পূর্ণ দিবস কাজের দিন। মামলা-মোকদ্দমার কারণে বহু সাধারণ মানুষ আসতে শুরু করেছিলেন। আইনজীবী, বিচারকরাও হাজির হচ্ছিলেন।

সে সময়ই হুগলি জেলা জজের কাছে একটি হুমকি ইমেল আসে। সেখানে বলা হয়েছে, আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। বেলায় ওই বোমা বিস্ফোরণ করানো হবে। ওই হুমকি ইমেল আসার পরেই তীব্র চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে।

দ্রুত খবর দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটে। আদালত চত্বরে পৌঁছে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড। দ্রুত আদালত চত্বর ফাঁকা করার কাজ শুরু হয়। দ্রুত আইনজীবী থেকে শুরু করে কোর্ট চত্বরে থাকা সমস্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ।গোটা আদালত চত্বরে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। গোটা আদালত চত্বর ঘিরে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব নয়। এমনই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =