নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১২,মার্চ :: গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ বসানো হলেও শুরু হয়নি জল সরবরাহ। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপকল। গরম পড়তেই জলের সমস্যা দেখা দিয়েছে।
পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালটি ও কলসি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ বাসিন্দাদের।বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুশল গ্রামের মহিলা ও পুরুষ বিক্ষোভে সামিল হন।
ভোটের আগে জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহুদিন আগে গ্রামে পাইপ বসানো হয়েছে। রাধিকাপুর পিএইচই প্রকল্প থেকে জল সরবরাহ করার কথা। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপকল।
পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত গোটা গ্রাম। এলাকার মানুষের অভিযোগ,জল সঙ্কটের কথা স্থানীয় নেতা ও প্রশাসনের কর্তাদের নজরে বারবার আনা হয়েছে। ব্লক প্রশাসনকে স্বারক লিপি দেওয়া হয়েছে। কিন্তু কেউই বিষয়টিতে গুরুত্ব দেননি।

