সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: সোমবার ২,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে সোমবার রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতারা ও বহু কর্মী-সমর্থক।
উদ্বোধনের আগে সমাজমাধ্যমে বাংলায় পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান অমিত শাহ। তিনি লেখেন, তৃণমূলের কুশাসনে বাংলার মানুষ পরিবর্তন চাইছে।
সেই জনমতকে শক্তিশালী করতেই বিজেপির এই ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র অঙ্গীকার পৌঁছে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভামঞ্চ থেকে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। যুব সমাজের উদ্দেশে তিনি ঘোষণা করেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে চাকরির ক্ষেত্রে বয়সসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির কারণে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। বিজেপি সরকার এলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিন পরিবারতন্ত্র ইস্যুতেও সরব হন তিনি । তাঁর অভিযোগ, সারা দেশে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে এবং পশ্চিমবঙ্গেও সেই প্রবণতা স্পষ্ট। তিনি দাবি করেন, রাজ্যে শাসকদল ভবিষ্যতে নেতৃত্ব এক নির্দিষ্ট পরিবারের হাতেই তুলে দিতে চায়।
“আপনারা কি ভাইপোর শাসন চান?”—সভামঞ্চ থেকে এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। পাশাপাশি রাজ্যে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ তোলেন।
তিনি আরো বলেন, রাজ্যের ন’টি জায়গা থেকে ‘পরিবর্তন যাত্রা’ শুরু হচ্ছে। তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে আরও একবার ধাক্কা দিতে হবে।
যদিও তিনি স্পষ্ট করেন, “মুখ্যমন্ত্রী বদলাতে আমরা আসিনি, পরিবর্তন আনবে বাংলার মানুষই।” পাশাপাশি অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিদায় করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

