নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: ভোটের আগে ভাঙড়ে বিস্ফোরক পরিস্থিতি । বোমা বাঁধতে গিয়ে মৃত্যু, আইএসএফ নেতাকে মারধরের অভিযোগে উত্তেজনা । নির্বাচনের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।
ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার অন্তর্গত দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা বাঁধার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আইএসএফ। যদিও এই মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত পুলিশি তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।
আইএসএফ নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বুধবার গভীর রাতে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা তৈরির কাজ চলছিল। সেই সময়ই অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হন কয়েকজন।
আইএসএফের আরও দাবি, মৃত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে হাড়োয়া থানার সরুপোল এলাকার একটি খালপাড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে ঘটনার প্রমাণ লোপাট করা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছন আইএসএফ নেতৃত্ব।
ঘটনাস্থল পরিদর্শনে যান আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খায়ের মোল্লা। অভিযোগ, তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বাধা দেয় এবং তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হন আবুল খায়ের মোল্লা।
পাশাপাশি আহত হন আরও কয়েকজন আইএসএফ কর্মী-সমর্থক। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।
প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন।

