নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: সামনেই রঙের উৎসব। কিন্তু বাজার চলতি রং ও আবিরে ভেজালের আতঙ্কে এখন চিন্তিত আট থেকে আশি। ত্বকের সমস্যা থেকে শ্বাসকষ্ট—নানা ঝুঁকির আশঙ্কা থাকেই।
সেই উদ্বেগ কাটাতেই অভিনব উদ্যোগ শান্তিপুরের প্রত্যন্ত গ্রাম বড়জিয়াকুরের তালপুকুর জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছাত্রছাত্রীরাই পরিবেশবান্ধব জৈব প্রযুক্তিতে তৈরি করছে রংবেরঙের ভেষজ আবির।
এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন শান্তিপুরের পরিবেশপ্রেমী শৈলেন চণ্ডী। প্রতিবছরই তিনি গাঁদা ফুল, বিট, অপরাজিতা, বিভিন্ন গাছের পাতা ও নানা ভেষজ উপাদান দিয়ে নিজেই আবির তৈরি করেন।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই আবির যেমন পরিবেশবান্ধব, তেমনই স্বাস্থ্যসম্মত। এ বছর তিনি বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে শেখাচ্ছেন কীভাবে সহজ উপায়ে নিরাপদ আবির তৈরি করা যায়।
শুধু পড়ুয়ারা নয়, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও এই উদ্যোগে উচ্ছ্বসিত। ছোটদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং উৎসবকে আরও নিরাপদ করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রঙের আনন্দের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে পড়ছে গ্রাম জুড়ে।

