নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: রবিবার ৮,মার্চ :: গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের মধ্যে।
ভোটাধিকার হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের একাধিক ভূমিপুত্র ভোটার। ফাইনাল ভোটার তালিকায় নামের পাশে ‘ডিলিটেড’ লেখা দেখে হতবাক তাঁরা।
সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের পাতরপাড়া গ্রামের বাসিন্দা বেলি পাতর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ায় চরম উদ্বেগে রয়েছেন।
মহিশগোট প্রাথমিক বিদ্যালয়ের ১৪৮ নম্বর বুথের ভোটার হলেও ফাইনাল ভোটার তালিকায় তাঁর নাম নেই। তালিকায় তাঁর নামের জায়গায় বড় করে ‘ডিলিটেড’ লেখা রয়েছে।
একই ধরনের ঘটনা সামনে এসেছে গড়ধরা প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ নম্বর বুথেও। বিদ্যাধরপুর গ্রামের বাসিন্দা নিত্যানন্দ বিশুইয়ের নামও ফাইনাল ভোটার তালিকায় নেই। স্থানীয়দের দাবি, বেলি পাতর ও নিত্যানন্দ বিশুই—দু’জনেই এই এলাকার ভূমিপুত্র এবং তাঁদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এখানে বসবাস করছেন।
অথচ তাঁদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ভোটারদের অভিযোগ, তাঁরা কেউই রোহিঙ্গা নন, মুসলিম নন বা বাংলাদেশ থেকে আসা হিন্দুও নন। তবুও তাঁদের নাম বাদ যাওয়ায় তাঁরা আতঙ্কে রয়েছেন।
তাঁদের আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকেও তাঁরা বঞ্চিত হতে পারেন।

