ভোটের আগেই দেওয়াল লিখনে ঝাঁপ তৃণমূলের – যুব সাথী ও লক্ষ্মীর ভাণ্ডার তুলে ধরল ঘাসফুল শিবির

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ।

প্রার্থী ঘোষণা এখনও বাকি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রচারে। তারই অংশ হিসেবে বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডে শুরু হলো দেওয়াল লিখন কর্মসূচি।

তৃণমূল কংগ্রেসের কর্মী বিকাশ দাস ওরফে বাপ্পা দাসের উদ্যোগে এবং বিধায়ক খোকন দাসের নির্দেশে বড়নীলপুর প্রভাত সংঘ মোড় সংলগ্ন এলাকায় রবিবার এই দেওয়াল লিখনের কাজ সম্পন্ন হয়।

কর্মসূচিতে অংশ নেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। তাঁদের সক্রিয় অংশগ্রহণে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিন দেওয়াল লিখনে বিশেষভাবে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর যুব সাথী প্রকল্প। ছড়ার মাধ্যমে প্রচার করা হয়— “মানি ব্যাগ আছে নেই কো মানি,– যাই ব্যাঙ্কে যুবসাথীর ১৫০০ টাকা তুলে আনি”।

অপরদিকে মহিলারা দেওয়াল লিখনের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথাও তুলে ধরেন। দলীয় নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভবদেব চক্রবর্তীর উপস্থিতিতেই দেওয়াল লিখনের কাজ সম্পূর্ণ হয়। তিনি জানান, “সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দেওয়াল লিখন সেই প্রচারেরই অংশ”।

বিধানসভা ভোটের আগে এভাবেই ধীরে ধীরে রাজনৈতিক প্রচারের তাপমাত্রা বাড়ছে বর্ধমানে। আগামী দিনে অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =