নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ১০,মার্চ :: ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও বাড়ছে। শিল্পনগরী দুর্গাপুরেও সামনে এল তেমনই একটি ঘটনা।
বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা।
দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক।
