নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: রবিবার ১,ফেব্রুয়ারি :: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মঙ্গলামাড়ো ঐকতান ক্লাবের উদ্যোগে এ বছর রজত জয়ন্তী বর্ষে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলামাড়ো মেলা। গত ২৩ শে জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়।
আজ মংলামাড়ো মেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গণবিবাহ অনুষ্ঠান। গণবিবাহের মঞ্চে অগ্নিকে সাক্ষী রেখে তিন জোড়া নবদম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। নব দম্পতিদের চার হাত এক করার দায়িত্ব পালন করে মঙ্গলামাড়ো ঐকতান ক্লাব পরিচালিত মঙ্গলামাড়ো মেলা কমিটি।
মঙ্গলামাড়ো মেলা মানেই ঐতিহ্যবাহী গণবিবাহ—এই প্রথা বজায় রেখে এবছর পূর্ব মেদিনীপুর জেলার তিন জোড়া নবদম্পতির শুভ পরিণয় সম্পন্ন হয়। নবদম্পতিরা হলেন সীমা বাস্কে ও বুধা হেমরম, প্রিয়াঙ্কা মাণ্ডি ও মেঘনাথ সরেন, সুনিতা রানী হাঁসদা ও বাপন বাস্কে।
গণবিবাহের মঞ্চে নবদম্পতিরা নত মস্তকে প্রণাম জানিয়ে জনতা জনার্দনের আশীর্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ করেন পটাশপুর ১ ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলাম, পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক তুষার চক্রবর্তী, মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ আলী।
মেলা কমিটির সম্পাদক মুক্তি রঞ্জন বেরা, সভাপতি অভিজিৎ পড়িয়া সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা। মেলা কমিটির পক্ষ থেকে নব দম্পতিদের হাতে অনেক উপহার তুলে দেওয়া হয়।

