নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রকে ঘিরে উত্তেজনার পারদ চড়ল কালনা মহকুমা শাসকের দপ্তরে। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হক নমিনেশন জমা দেওয়ার প্রস্তুতি হিসেবে ভোটার তালিকার সার্টিফাইড কপি তুলতে সেখানে পৌঁছন।
অভিযোগ, দপ্তরের সামনে তাঁর গাড়ির উপর হামলা চালানো হয়। শামসুল হকের দাবি, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই এই হামলার সঙ্গে যুক্ত। তাঁর ড্রাইভারকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।
শুধু তাই নয়, গাড়ির সামনে লাগানো দলের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্তেশ্বরেরই প্রভাবশালী নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছেন শামসুল হক।ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শামসুল হক বলেন, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপও দাবি করেন তিনি।অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

