সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: সোমবার ২৩, মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম কেন্দ্রে প্রচারে জোর দিল তৃণমূল কংগ্রেস।
প্রচারের সূচনা হল ধর্মীয় আচার মেনে। রাধাগোবিন্দ মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদ।
একইসঙ্গে স্থানীয় মসজিদেও দোয়া করেন তিনি, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। পুজো সেরে উস্থী অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন প্রার্থী। এদিন তাঁকে ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় বাসিন্দারা সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও ক্ষোভের কথা তুলে ধরেন। বিশেষ করে এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়। অভিযোগ শোনার পর প্রার্থী এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে, তাঁদের সমস্যা সমাধানে তিনি সর্বদা পাশে থাকবেন।
প্রচারের সময় এলাকার উন্নয়নকেই প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেন শামীম আহমেদ। গত দশ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জানান, এই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
রাস্তাঘাট, নিকাশী ব্যবস্থা ও পানীয় জলের মতো মৌলিক সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন।

