মাথাভাঙ্গার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দড়িবস গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ৬,মার্চ :: মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দড়িবস গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে তা নির্ধারিত মান বজায় রেখে করা হচ্ছে না।

গ্রামবাসীদের দাবি, সরকারি শিডিউল অনুযায়ী রাস্তার পুরুত্ব হওয়ার কথা ছিল প্রায় ৯ ইঞ্চি, কিন্তু বাস্তবে যে কাজ করা হচ্ছে তা ৪ ইঞ্চি বা তারও কম পুরুত্বে করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে এই রাস্তা দীর্ঘদিন টেকসই হবে না বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, কাজটি শুরু হয়েছে ৯৭ নম্বর বুথ এলাকা থেকে। সেই অংশের কাজ দেখে গ্রামবাসীদের দাবি, সেখানে নিম্নমানের কাজ হয়েছে।

সেই অভিজ্ঞতা থেকেই ৯৮ নম্বর বুথের বাসিন্দারা আশঙ্কা করছেন যে তাদের এলাকাতেও একইভাবে নিম্নমানের কাজ হবে। এই কারণেই তারা আপাতত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, তারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ঠিকাদারের দেখা পাননি। কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের কাছ থেকেও কাজের শিডিউল বা পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাননি।

এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারও ঠিকাদারের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার কথাতেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে গ্রামে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ। গ্রামবাসীদের একাংশের মতে, নিম্নমানের কাজের মাধ্যমে এলাকার উন্নয়নের ধারাকেই ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =