মালদহ অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দির-এ উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে পালিত হলো দোল উৎসব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩,মার্চ :: অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দির-এ উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে পালিত হলো দোল উৎসব। সোমবার স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

অরবিন্দ পার্ক এলাকা থেকে শুরু করে ঘোরাপিড় মোড় ও চন্দন পার্ক এলাকা পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে জমায়েত হয় শোভাযাত্রাটি। সেখানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন করা হয়। বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাঙ্গনে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে ছাত্রছাত্রীরা।

তারা আবীর দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। সর্বশেষে দইহান্ডি উৎসবেও অংশ নেয় ছাত্রছাত্রীরা, যা অনুষ্ঠানে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে মালপোয়া ও ঘুগনির ব্যবস্থা করা হয় এবং তা সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান আচার্য বুদ্ধদেব দাস জানান, ছাত্রছাত্রীদের নিয়ে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল এবং তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। তিনি সমগ্র মালদাবাসীকে আগাম দোলের শুভেচ্ছা জানান এবং ভেষজ আবীর ব্যবহারের পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =