নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা, যাঁরা অন্য কোনও সামাজিক নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত নন, তাঁরা এই প্রকল্পে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
আগামী ১ এপ্রিল থেকে এই সহায়তা প্রদান শুরু হবে। এই প্রকল্পের আওতায় আবেদন গ্রহণের শিবিরের শুভ সূচনা হলো মেখলিগঞ্জ শহরের কথা ও গান সাংস্কৃতিক ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শিবিরের উদ্বোধন করে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী বলেন, রাজ্যের বেকার যুবক-যুবতীদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ।
তিনি জানান, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের হাতে মাসিক আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এর ফলে বহু পরিবার উপকৃত হবে এবং যুব সমাজ নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই শিবিরে ‘যুবসাথী’ প্রকল্পের পাশাপাশি অন্যান্য সরকারি প্রকল্পের আবেদনপত্রও গ্রহণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট নথিপত্র সঙ্গে নিয়ে শিবিরে উপস্থিত হয়ে আবেদন জানাতে পারবেন।

