‘যা হবে না বলছেন, সেটাই হচ্ছে’ : ওয়াকাফ ও এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী দিলু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: সোমবার ৬,এপ্রিল :: রাজ্যে শাসকদলের বিশ্বাসযোগ্যতা এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাদুড়িয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু।

এদিন বাদুড়িয়ার একটি কমিউনিটি হলের প্রাঙ্গণে কংগ্রেসের একটি দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন।

ওয়াকাফ এবং এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করে দিলু বলেন, “মুখ্যমন্ত্রী যে বিষয়টি রাজ্যে লাগু হবে না বলে নিশ্চিত করছেন, সাধারণত সেই বিষয়টিই পরবর্তী সময়ে কার্যকর হয়।”

তার দাবি অনুযায়ী, যে বিষয়ে রাজ্যে অনুমতি মিলবে না বলে আশ্বাস দেওয়া হচ্ছে, আগামী দিনে তা কার্যকর হওয়া প্রায় নিশ্চিত।

একইসঙ্গে তিনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলকেই তীক্ষ্ণ আক্রমণ করেন। দিলুর মতে, “এই দুই দলই ধর্মের সুড়সুড়ি দিয়ে বাঙালিকে বিভক্ত করার রাজনীতি করছে।”

তবে বাংলার মানুষ সচেতন এবং আগামী দিনে তারা এই বিভাজনের রাজনীতি রুখে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘরের ছেলের পুরনো দলে ফেরার পর বাদুড়িয়ার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। দল বদল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দিলুর এই মন্তব্য জেলা রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =