রড ছাড়া ঢালাইয়ের অভিযোগে উত্তেজনা, কালনার,হাটকালনায় রাস্তার কাজ ঘিরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২২,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার,কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের লিচুতলা মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা ছড়ায়।

রাস্তার ধারে ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না—এই অভিযোগ তুলে কর্মরত শ্রমিকদের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ। এর জেরে কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি পেভার ব্লক ইট দিয়ে পুরো রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

কিন্তু রং পাড়া পূর্ব এলাকায় ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, “অন্যদিকে রড দিয়ে ঢালাই হয়েছে, এখানে কেন হবে না? তাই কাজ বন্ধ রাখতে বলেছি। কী সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, সেটিও দেখাতে বলা হয়েছে”।

এ বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস-এর রাজ্য মহিলা শাখার সহ-সভানেত্রী আরতি হালদার বলেন, “সরকারি সিডিউলে সব জায়গায় রড দিয়ে কাজ করার কথা নেই। যেখানে প্রয়োজন, সেখানে ঠিকাদারকে রড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আজকের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে”।

অন্যদিকে ভারতীয় জনতা পার্টি-র স্থানীয় চার নম্বর মণ্ডলের সহ-সভাপতি কার্তিক কীর্তনীয়া প্রশ্ন তোলেন, “কোর্ট মোড় থেকে তালবোনা মোড় পর্যন্ত রড দিয়ে ঢালাই হয়েছে। তাহলে এই অংশে কেন নয়? আমরা সিডিউল দেখানোর দাবি করেছি, কিন্তু তা দেখানো হচ্ছে না”।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =