লাল নিশান আর স্লোগানে তপ্ত কৃষ্ণনগর, মনোনয়ন দিলেন ৬ বাম প্রার্থী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ৮,এপ্রিল :: কৃষ্ণনগর শহরে যেন অকাল বাম-স্মরণ। বাদ্যযন্ত্রের গর্জন আর লালে-লাল পতাকায় মুড়ে মনোনয়ন দিতে জেলাশাসকের দপ্তরে পৌঁছলেন নদিয়া জেলার বামফ্রন্টের ৬ প্রার্থী।

কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, নাকাশিপাড়া, কালীগঞ্জ এবং কৃষ্ণগঞ্জ |

এই ছয় কেন্দ্রের বাম প্রার্থীরা এদিন সুসজ্জিত শোভাযাত্রা করে নিজেদের মনোনয়ন পত্র জমা দেন। তবে জোটের শরিক দল আইএসএফ-এর চাপড়া কেন্দ্রের প্রার্থী এদিন মনোনয়ন জমা দেননি; তিনি বুধবার তাঁর আবেদন পেশ করবেন বলে জানা গিয়েছে।

এদিন প্রচারের আলো কেড়ে নেন কালীগঞ্জ কেন্দ্রের বাম প্রার্থী তামান্নার মা। তিনিও এদিন মনোনয়ন জমা দিয়েছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, এই লড়াই কেবল ভোটের নয়, বরং মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই। তাঁর কথায়, “সাধারণ মানুষের রুটি-রুজির সংস্থান এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

সেই উদ্দেশ্যেই আমরা মানুষের দুয়ারে পৌঁছচ্ছি।”শহর জুড়ে এই বিশাল জমায়েতের জেরে এদিন কৃষ্ণনগরের সাধারণ জনজীবনে কিছুটা প্রভাব পড়ে। জেলা প্রশাসনিক ভবনের সামনে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা থাকলেও কর্মীদের উৎসাহে খামতি ছিল না।

ইনকিলাব স্লোগানে মুখরিত কৃষ্ণনগরের রাজপথ বুঝিয়ে দিল, আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক ও বিরোধী শিবিরের লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বামেরা। এখন ৪ মে-র ব্যালট বক্সই বলবে, এই রাজপথের শক্তি জনমতের বিচারে কতটা সফল হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =