নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিবেনী :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: পবিত্র শাহী স্নানের মধ্য দিয়ে মহাসমাপ্তি হলো বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব-এর পঞ্চম বর্ষের আয়োজনের। শেষ দিনে নাগা সাধু ও কিন্নর সন্ন্যাসিনীরা বর্ণাঢ্য নগর পরিক্রমা শেষে ত্রিবেণীর ঐতিহ্যবাহী সপ্ত ঋষির ঘাটে এসে শাহী স্নান সম্পন্ন করেন।
বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে গোটা ঘাট এলাকা। সন্ন্যাসীদের শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাধুদের এক ঝলক দর্শন এবং শাহী স্নানের পুণ্যলাভের আশায় ভোর থেকেই ঘাটে উপচে পড়ে জনসমাগম।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। উল্লেখ্য, উৎসবের দ্বিতীয় দিনে একই ঘাটে উপস্থিত হয়ে আরতি করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
ধর্মীয় আচার, শোভাযাত্রা ও শাহী স্নানের মধ্য দিয়ে এ বছরের কুম্ভ মহোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আয়োজকরা।

