সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৫,ফেব্রুয়ারি :: মাদকের বিরুদ্ধে ফের একবার বড়সড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ।
এরপর সেখানে এক যুবকে আটক করে পুলিশ এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম মহম্মদ বিট্টু। সে শিলিগুড়ির ডাঙ্গি পাড়ার বাসিন্দা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃত যুবকের কাছ থেকে ৩৭০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় পাচারের ছক কষেছিল তা জানা যায়নি।
এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে শহর শিলিগুড়িকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। কাউকে রেয়াত করা হবে না।

