সবুজ আবিরে উৎসব, মগরাহাট পশ্চিমে তৃণমূলের নতুন মুখ শামীম—জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে তরুণ নেতা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বুধবার ১৮,মার্চ :: নাম ঘোষণা হতেই উৎসবের আবহ মগরাহাট পশ্চিম জুড়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শামীম আহমেদের নাম প্রকাশ পেতেই কর্মী-সমর্থকদের সঙ্গে সবুজ আবিরে মেতে ওঠেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে রাজ্যের ২৯১টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। সেই তালিকাতেই মগরাহাট পশ্চিম কেন্দ্রের জন্য দল ভরসা রেখেছে এই তরুণ নেতার উপর।

দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত শামীম আহমেদ ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এবং মহেশতলা—এই তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজ, কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মাঠে সক্রিয় উপস্থিতির জন্যই দলের শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত কোনও নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবুও তাঁর ওপর আস্থা রেখে দল তাঁকে প্রার্থী করেছে।

নাম ঘোষণার পরই শুরু হয় বিজয় উল্লাস। কর্মী-সমর্থকদের সঙ্গে সবুজ আবিরে রঙ খেলায় মেতে ওঠেন শামীম আহমেদ। চারদিকে ধ্বনিত হয় জয়ের স্লোগান। এই উচ্ছ্বাসের মাঝেই তিনি জানান, “মগরাহাট পশ্চিমের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

প্রার্থী ঘোষণার পরেই বসে থাকেননি শামীম। প্রথমেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন।

এরপর নিজের কেন্দ্র মগরাহাট পশ্চিমে ফিরে কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেন। এলাকায় প্রচার শুরু করে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন তিনি।

এই প্রসঙ্গে শামীম আহমেদ বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং নেতৃত্ব তাঁকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। দলের নির্দেশে এতদিন পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন এবং মানুষের সমস্যার সমাধানে পাশে থেকেছেন। আগামী দিনে সুযোগ পেলে মগরাহাট পশ্চিমের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =