সাঁইথিয়ায় নাবালিকার রহস্যজনক মৃত্যু, দেহ উদ্ধার ব্যবসায়ীর গোডাউন থেকে — পথ অবরোধে উত্তাল এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: শুক্রবার ৬,মার্চ :: বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় এক মার্বেল ব্যবসায়ীর গোডাউন থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়।

শুক্রবার সকাল থেকেই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও বাউরি সমাজের সদস্যরা সাঁইথিয়া–সিউড়ি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন নগর গ্রামের ওই নাবালিকা সাঁইথিয়ার এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীর গোডাউন থেকেই তার মৃতদেহ উদ্ধার হওয়ায় ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। নাবালিকার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =