সাফাইকর্মীদের ধর্মঘট নিয়ে সিপিএমের ডেপুটেশন, আসানসোলকে আবর্জনামুক্ত করার দাবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: আসানসোল পুরনিগমের সাফাইকর্মীদের চলমান কাজ বন্ধ ধর্মঘটের প্রতিবাদে আজ সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

সিপিএম নেতারা অবিলম্বে এই আন্দোলনের সমাধান করে আসানসোল পুরনিগম এলাকা আবর্জনামুক্ত করার দাবি জানান। মেয়রের অনুপস্থিতিতে পুরনিগমের কমিশনারের হাতে স্মারকলিপি (ডেপুটেশন) তুলে দেওয়া হয়।

এই বিষয়ে সিপিএম নেতা উৎপল চট্টোপাধ্যায় বলেন, সাফাইকর্মীরা তাদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে টানা আট দিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন, কিন্তু আসানসোল পুরনিগমের আধিকারিকরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।

এর ফলে সাধারণ মানুষকে আবর্জনার স্তূপের মধ্যেই বসবাস করতে হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা ভেঙে পড়ায় শহরে রোগব্যাধি ও মহামারির আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এই কারণেই আজ সিপিএমের পক্ষ থেকে পুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাফাইকর্মীদের ধর্মঘটের জেরে আসানসোল পুরনিগম এলাকার ১০৬টি ওয়ার্ডেই আবর্জনার পাহাড় জমে উঠেছে। রাস্তার ধারে ধারে জমে থাকা ময়লা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সিপিএম নেতৃত্বের দাবি, অবিলম্বে সাফাইকর্মীদের সঙ্গে আলোচনায় বসে তাদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে, যাতে ধর্মঘট প্রত্যাহার হয় এবং আসানসোল শহর আবার পরিচ্ছন্ন হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 17 =