নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৫,মার্চ :: সিঁথির সিঁদুর এখনো মুছে যায়নি। তবুও স্বামীর খুনের ঘটনার ন্যায়বিচারের দাবিতে সরব গোপাল দাসের স্ত্রী। কয়েকদিন আগে মা’কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হন বছর ৩২-এর গোপাল দাস।
ঘটনাটি ঘটে পলাশডিহা এলাকায়, যা দুর্গাপুর শহরের অন্তর্গত। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করে। জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা।
শুধু গ্রেপ্তারই নয়, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করেছেন থানার আধিকারিকরা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পদস্থ কর্তারা বলেও দাবি করা হয়েছে।
এরই মধ্যে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি গোপাল দাসের স্ত্রী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশ্ন তোলেন, অতীতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে বারবার সে ছাড়া পেয়েছে এবং কারা তাকে মদত দিয়েছে।
অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, পুলিশ যখন তদন্ত করছে তখন কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভোট রাজনীতি করা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে গোটা ঘটনাকে ঘিরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পলাশডিহা অঞ্চলে।

