সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ – হাঁসখালীতে বাংলাদেশি তরুণী-সহ ভারতীয় দালাল গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালি :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: হাঁসখালী থানার পুলিশের অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি তরুণী এবং তাকে সহায়তাকারী এক ভারতীয় দালাল। নদীয়া জেলার বারো চুপরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে বারো চুপরিয়া গ্রামে প্রকাশ টিকাদারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বছর ২৩-এর জামি খাতুন নামে এক তরুণীকে।

সে বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বলে দাবি পুলিশের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’দিন আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং প্রকাশ টিকাদারের সহায়তায় তার বাড়িতেই আশ্রয় নেয়।

পুলিশের অনুমান, ভারতের অন্য কোনও বড় শহরে যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের সাহায্যে এই অনুপ্রবেশ ঘটে থাকতে পারে। হাঁসখালী থানায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

সীমান্ত পারাপার সংক্রান্ত এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখতে প্রকাশ টিকাদারকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =