সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২২,মার্চ :: আবারো সাইকেল চুরির ঘটনায় বড়সড় পেল পুলিশ। গতকাল গভীর রাতে সূর্যসেন কলোনি এলাকা থেকে আটটি চোরাই সাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
পুলিশ সূত্র মারফত জানা গেছে, গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল পুলিশ।
নজরদারি চালানোর সময় সন্দেহজনকভাবে এক যুবককে একাধিক সাইকেল নিয়ে ঘোরাফেরা দেখতে পাওয়া যায় পরবর্তীতে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট আটটি চোরাই সাইকেল উদ্ধার হয়। ধৃত যুবকের নাম শিব চৌধুরী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের অনুমান, সে একটি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। পাশাপাশি পুলিশ আরও জানতে পেরেছে, এর আগেও সাইকেল চুরির একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছিল শিব চৌধুরী। ফলে গোটা চক্রটি চিহ্নিত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
ধৃত যুবককে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানানো হতে পারে। উদ্ধার হওয়া সাইকেলগুলির প্রকৃত মালিকদের খোঁজও শুরু করেছে পুলিশ।

