সোনাখালিতে রণক্ষেত্র – বিজেপি মিছিলে হামলার অভিযোগে তুমুল সংঘর্ষ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা কেন্দ্রের সোনাখালি এলাকায় বিজেপির একটি মিছিলকে ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায়, যার জেরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়।  পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওইদিন একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি সোনাখালি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করছিল।

সেই সময় হঠাৎ করেই কিছু দুষ্কৃতী মিছিলে আক্রমণ চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, এই হামলার পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থিত দুষ্কৃতীরাই জড়িত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

এই সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা বাধে বলে জানা গিয়েছে। পরিস্থিতি আরও জটিল আকার নেওয়ার আগেই বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সরদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আজ বাসন্তীতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না, যার ফলে বিরোধী দলের কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =