সোনারপুরে চাঞ্চল্য – মেডিকেল করাতে গিয়ে আসামির পালানোর চেষ্টা, অটো ছিনতাই, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: সোনারপুরের সুভাসগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা। এক আসামিকে মেডিকেল করানোর জন্য সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত।

দৌড়ে কিছুটা দূরে গিয়ে এক অটোচালকের উপর হামলা চালায় সে। অভিযোগ, জোর করে অটো ছিনতাই করে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পালানোর সময় পরপর দু’টি দুর্ঘটনাও ঘটে।এরপর পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশও।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বেশ কিছু অংশ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মগরাহাট এলাকার বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহ করা হচ্ছে।

বেনিয়া বৌ এলাকায় গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে এবং মারধর করে।

পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই পালানোর চেষ্টা করলে ফের তাকে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =