নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ১৩,এপ্রিল :: নির্বাচনী দামামা বাজতেই প্রচারে কোনো খামতি রাখছেন না সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায় তাঁকে দেখা গেল একেবারে অন্যরকম ছন্দে।
চেনা রাজনৈতিক প্রচারের ধরনকে খানিকটা ভেঙে কখনো স্কুটির পেছনে বসে, আবার কখনো টোটোয় চেপে গ্রাম থেকে গ্রাম, অলিগলি ঘুরে সরাসরি ভোটারদের দুয়ারে পৌঁছে যান তিনি। এই অভিনব প্রচারে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ ও কৌতূহল।
এদিনের কর্মসূচির সূচনা হয় রামকরচর অঞ্চলের ঝাউতলা মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে। পুজো সেরে আশীর্বাদ নিয়ে সেখান থেকেই শুরু হয় তাঁর জনসংযোগ অভিযান। এরপর খাসরামকর, খানসাহেবআবাদ হয়ে রূপচাঁদ বাজার পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করেন তিনি।
প্রায় ৪ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে এই প্রচার কর্মসূচি চলে। পথ চলতে চলতে বিভিন্ন জায়গায় থেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁদের সমস্যা, অভিযোগ ও চাহিদার কথা মন দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
প্রচারের অন্যতম আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে প্রার্থীকে বরণ করে নেন।
রঙিন পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের পরিবেশনায় এক উৎসবমুখর আবহ তৈরি হয় গোটা এলাকায়। সাধারণ মানুষও এই আনন্দঘন মুহূর্তে শামিল হন, ফলে প্রচার সভা যেন উৎসবে পরিণত হয়।
এই দীর্ঘ জনসংযোগ যাত্রার শেষ হয় যমুনাখালী আদিবাসী পাড়ায়। সেখানে আদিবাসী মায়েরা তাঁদের প্রাচীন রীতি মেনে প্রার্থীর পা ধুইয়ে দেন এবং তাঁকে পুনরায় জয়ী হওয়ার আশীর্বাদ জানান। এই আবেগঘন দৃশ্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

