সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৯মার্চ :: রেল হকারদের উপর লাগাতার হয়রানির অভিযোগ তুলে নিউ জলপাইগুড়িতে অবস্থান বিক্ষোভে অল বেঙ্গল হকার ইউনিয়ন। সংগঠনের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার নিউ জলপাইগুড়ি এলাকার এডি আর এম কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন হকাররা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেল হকারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ট্রেনে বা স্টেশনে কাজ করতে গেলে বাধা সম্মুখীন হতে হচ্ছে।
হকাররা দাবি জানিয়েছেন, বেশ কয়েকবার তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন, এবং রেল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তবে সমস্যার সমাধান হয়নি।
রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ সংগঠনের।
এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন শিলিগুড়ি টাউন ব্লক থ্রি শ্রমিক সংগঠনের সভাপতি সুজয় সরকার। বিক্ষোভ মঞ্চ থেকে তিনি রেল কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হকারদের সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।
তিনি জানান, যদি রেল প্রশাসন দ্রুত হকারদের জন্য সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেয়, তাহলে সমস্ত হকারদের পরিবারকে নিয়ে রেল কর্মচারীদের কোয়ার্টার এবং রেলওয়ে কার্যালয়ের সামনে বৃহত্তর অবস্থান কর্মসূচি করা হবে।

