নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালিরহাট :: বৃহস্পতিবার ১২,মার্চ :: বড় গোপালপুর কালিরহাটে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মা ভদ্র কালী পূজা ও মেলা। এবছর এই পূজা অনুষ্ঠিত হচ্ছে ২৩২তম বছরে, যা স্থানীয় এলাকায় দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী বহন করছে।
পুজো উপলক্ষে ইতিমধ্যেই এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়দের বিশ্বাস, মা ভদ্র কালী অত্যন্ত জাগ্রত দেবী, তাই বহু ভক্ত দূরদূরান্ত থেকে এসে নানা মানত করেন এবং পাঠা, পায়রা সহ বিভিন্ন অর্ঘ্য নিবেদন করেন।
মেলা প্রাঙ্গণে সারারাত ধরে জমে ওঠে আনন্দের পরিবেশ। নাগরদোলা, ডিস্কো রাইড, ড্রাগন ট্রেন, সুনামি সার্কাস, মিকি মাউসসহ বিভিন্ন বিনোদনের আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।
পুজো কমিটির সম্পাদক জগদীশ চন্দ্র বর্মণ জানান, এই ঐতিহ্যবাহী পূজা ও মেলা চলবে ১২ মার্চ পর্যন্ত। শেষ দিন থাকবে বিশেষ সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনাও অনুষ্ঠিত হবে।

