২৫০ আসনের লক্ষ্যে ‘বিমান’ উড়ান, বারুইপুরে জোরদার প্রচার শুরু”

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১৮,মার্চ :: বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্যের বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-এর।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা প্রকাশ করে, তখনই স্পষ্ট হয়ে যায় এই কেন্দ্রে অভিজ্ঞতার ওপরই ভরসা রাখছে দল।

নাম ঘোষণার পরেই আর দেরি না করে ময়দানে নেমে পড়েন বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বারুইপুরের ঐতিহ্যবাহী বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কার্যত শুরু করেন তিনি। পুজোর পরেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় দেয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করেন।

সবুজ রঙে রাঙানো দেয়াল জুড়ে ফুটে উঠতে শুরু করে দলের প্রতীক ও স্লোগান, যা ঘিরে কর্মীদের মধ্যে স্পষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও এলাকার সঙ্গে গভীর যোগাযোগই বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রধান শক্তি।

তাই আবারও তাঁকেই প্রার্থী করায় দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। প্রচারের প্রথম দিনেই বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।

এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে জানান, “রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবারও তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় আনবে। আমরা ২৫০-রও বেশি আসন নিয়ে সরকার গঠন করব।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনে বড় জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 7 =