নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: ভোটের আগেই পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ চরমে। ভাতার বাজার ও সংলগ্ন একাধিক এলাকায় রাতারাতি পড়ল কটাক্ষপূর্ণ পোস্টার।
সেই পোস্টারে সরাসরি আক্রমণ করা হয়েছে ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী এবং জেলা পরিষদের সদস্য শান্তনু কর-এর বিরুদ্ধে।এই ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়ায় ভাতার এলাকায়।
পোস্টারে উল্লেখ করা হয়েছে “সজন পোষণকারী ও মূর্খ বিধায়ক মান গোবিন্দ অধিকারী ও বিজেপি দালাল তোলাবাজ চোর শান্তনু কোনারের কার্যকলাপে ভাতারের সর্বস্তরের মানুষ আজ বিরক্ত ও হতাশ।
কোন কিছুর বিনিময়েই যেন এনাদের বিধায়কের পদপ্রার্থী না করা হয়। সৌজন্যে—ভাতার এলাকাবাসীবৃন্দ”।
এই ভাষা ও বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন মোড় ও জনবহুল এলাকায় এই পোস্টার দেখা যায়। সকাল হতেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন এলাকায় এই ধরনের পোস্টার রাজনীতি বাড়ছে। ভাতার এলাকায়ও তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। যদিও এই পোস্টারের পেছনে বিরোধী রাজনৈতিক শক্তির হাত রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

