গোপীবল্লভপুরে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপীবল্লভপুর :: শুক্রবার ২০,মার্চ :: গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন জোরকদমে প্রচারে।

সেই আবহেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন অজিত মাহাতো।

দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন, যেখানে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে অজিত মাহাতোর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর আর দেরি না করে সকাল থেকেই মাঠে নেমে পড়েন তিনি।

এদিন সকালে ঝাড়গ্রাম শহরে দলের প্রবীণ নেতা ও আইনজীবী প্রশান্ত রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন অজিত মাহাতো। পাশাপাশি প্রয়াত ঝুমুর শিল্পী বিজয় মাহাতোর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন।

এরপর তিনি গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যান। সেখানে দলের নেতা স্বপন পাত্র ও ব্লক সভাপতি টিঙ্কু পালের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 2 =