নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকড়া :: শনিবার ২১,মার্চ :: বিশ্বজুড়ে খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর । আকাশে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। সেই আনন্দের হাওয়া ছুঁয়ে গেল হাওড়ার বাঁকড়া এলাকাকেও।
আজ শনিবার খুশির ঈদে ডোমজুড়ের বাঁকড়া এলাকায় এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল মানুষ। বাঁকড়া -র হাওড়া আমতা রোডে অনুষ্ঠিত হল বৃহত্তম ঈদের জামাত। প্রায় কুড়ি হাজার মানুষ একসঙ্গে নামাজে শামিল হয়ে এক অনন্য সম্প্রীতির ছবি তুলে ধরলেন।
বাঁকড়া জামা মসজিদের ইমামের নেতৃত্বে এই নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে সমগ্র বিশ্বের শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। সকালে সাতটা থেকে ডোমজুড়ের হাওড়া আমতা রোডের বাঁকড়া এলাকায় নো-এন্ট্রি জারি করা হয়।
মুন্সীডাঙা মোড় থেকে দোতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করেন। বাঁকড়া ঈদগাহ কমিটির উদ্যোগে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই বৃহৎ আয়োজন। নামাজ শেষে উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলেই।
কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর ভালোবাসার বার্তায় ভরে ওঠে গোটা এলাকা—যেখানে ধর্মের সীমানা ছাপিয়ে ফুটে ওঠে মানবতার আসল রূপ।

