আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই নতুন করে আশায় বুক বেঁধেছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২১,মার্চ :: দোকানের মালিকানা জটিলতা, পার্কিংয়ের অভাব এবং দীর্ঘদিনের যানজট সমস্যায় নাকাল শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা।

বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধানের দাবিতে আন্দোলন, ধর্না ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।

ব্যবসায়ীদের দাবি, শুধু মালিকানার অনিশ্চয়তাই নয়, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিধান মার্কেটের ব্যবসায়ী মিঠু বোস জানান, “একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল জমে যায়। দোকানের ভিতরে জল ঢুকে মালপত্র নষ্ট হয়ে যায়। এতে আমাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।”

অন্যদিকে ব্যবসায়ী তপন সরকার, গৌতম প্রামাণিক এবং রতন সাহারা জানান, বাজার এলাকায় পর্যাপ্ত পার্কিংয়ের অভাবের কারণে প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসায়।

তারা আগামী বিধায়কের কাছে পার্কিং সমস্যার স্থায়ী সমাধান, দোকানের পাট্টা বা মালিকানা প্রদান এবং উন্নত নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সদস্য অসিত দে বলেন, “বহুবার আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই, যে দলই ভোটে জিতুক না কেন, তারা যেন বিধান মার্কেটের সার্বিক উন্নয়নে গুরুত্ব দেয়।”

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই নতুন করে আশায় বুক বেঁধেছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। তাদের একটাই দাবি—দীর্ঘদিনের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =