ধুমডাঙি কি অনুপ্রবেশের নতুন করিডর ? দশ দিনের মধ্যে ফের বাংলাদেশি যুবক ধৃত, বাড়ছে উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: রবিবার ২২,মার্চ :: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধুমডাঙি সীমান্ত এলাকায় আবারও এক বাংলাদেশি যুবক ধরা পড়ায় নতুন করে উদ্বেগ ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

মাত্র দশ দিনের ব্যবধানে একই সীমান্ত এলাকা থেকে দ্বিতীয়বার বাংলাদেশি নাগরিক ধরা পড়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার সন্ধ্যায় ধুমডাঙি এলাকায় ভারতীয় ভূখণ্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহম্মদ জাহিদুল নামে এক যুবককে আটক করে। জানা গেছে, তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার কানকাটা এলাকায়। পরে তাকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে নির্বাচন ঘোষণার পর এমন ঘটনা সামনে আসায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, এর মাত্র দশ দিন আগেই চোপড়ার কালাগছ এলাকায় মোবাইল চুরির ঘটনায় ধরা পড়ে আরেক বাংলাদেশি যুবক শামিম। তার বাড়িও বাংলাদেশের পঞ্চগড় জেলার একই এলাকায় বলে জানা গেছে। পুলিশের জেরায় সে স্বীকার করে যে ধুমডাঙি সীমান্ত পেরিয়েই সে ভারতে প্রবেশ করেছিল।

পরপর দুই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ধুমডাঙি কি তবে অনুপ্রবেশকারীদের নতুন করিডর হয়ে উঠছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =