নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২২,মার্চ :: নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে। অভিযোগ, ভোটের মুখে রাতের অন্ধকারে এলাকায় সোলার লাইট বসানোর কাজ করা হচ্ছিল।
ঘটনাটি দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামের বাউরি পাড়া এলাকায় মনসা মন্দিরের সামনে। শনিবার রাতে সেখানে সোলার লাইট বসানো হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
এই খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে সেই কাজ বন্ধ করে দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তৃণমূলের অভিযোগ, লক্ষণ ঘড়ুই গত পাঁচ বছর এলাকায় বিজেপির বিধায়ক থাকলেও সাধারণ মানুষের কাছে তাকে তেমন দেখা যায়নি। অথচ ভোটের সময় নির্বাচনী বিধি লঙ্ঘন করে বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানোর চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল কর্মী-সমর্থকদের।

