নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: রবিবার ২২,মার্চ :: জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনা কর্মী নরেশ চন্দ্র রায়ের নাম ঘোষনার পরেই প্রার্থীর হাত ধরেই জনসংযোগ ও প্রচার কর্মসূচিতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক।
ধূপগুড়িতে ভোটের হাওয়া তপ্ত হতেই রাজনৈতিক দলবদলের পারদ চড়তে শুরু করেছে। এবার পালাবদলের ছবি ধরা পড়ল ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলের ১৫/৬০ নম্বর বুথে বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে।
উল্লেখ্য, এই বুথটি খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির খাসতালুক হিসেবেই পরিচিত। এদিন ওই বুথের ১৪টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
দলত্যাগীদের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কাজে বীতশ্রদ্ধ হয়েই তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, “মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর সেই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি।”
একসময়ের কংগ্রেস ও পরবর্তীতে তৃণমূলের এই ‘দুর্গ’ হিসেবে পরিচিত এলাকায় ঘাসফুল শিবিরের এই ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

