নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ২৩, মার্চ :: ভোরের আলো ফুটতেই দিন শুরু। ঘরের কাজ, রান্না, পরিবারের দেখভাল—সব সেরে তবেই বেরোনো। তারপরই শুরু আরেক যুদ্ধ—ভোটের ময়দানে মানুষের দরজায় দরজায় পৌঁছনোর লড়াই।
এভাবেই সংসার আর রাজনীতি—দুই দায়িত্ব একসঙ্গে কাঁধে তুলে নিয়েছেন সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা।
গত পৌর নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় সিপিএমের একমাত্র জয়ী প্রার্থী ছিলেন তিনি। পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয়ের পর এবার ২০২৬ বিধানসভা নির্বাচনে কালনা কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করেছে দল।
সকালে সংসারের যাবতীয় কাজ সেরে মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন শর্মিষ্ঠা। তারপর পার্টির নির্দেশ মেনে শুরু হয় প্রচার। কালনা ওয়ান, কালনা টু ব্লক এবং পুরসভার বিভিন্ন ওয়ার্ড—সব জায়গাকেই পাখির চোখ করে এগোচ্ছেন তিনি।
তাঁর কথায়, “সংসারের দায়িত্ব তো থাকবেই, কিন্তু মানুষের জন্য কাজ করার সুযোগ এলে সেটাও সমান গুরুত্বপূর্ণ”। তাই সকালবেলায় জলখাবার তৈরি, রান্নার প্রস্তুতি, পরিবারের সদস্যদের দেখভাল—সব নিজের হাতে সামলে তবেই বেরিয়ে পড়েন প্রচারে।
এই লড়াইয়ে তাঁকে সমানভাবে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শ্বশুর-শাশুড়ি ও স্বামী সংসারের কাজ ভাগ করে নিচ্ছেন, যাতে তিনি আরও বেশি সময় দিতে পারেন নির্বাচনী প্রচারে।
প্রার্থীর স্বামী সুমন নাগ সাহার কথায়, “রাঁধে সে চুলও বাঁধে—বাড়ির সব কাজ তো মহিলাদেরই করতে হয়। তবে এই সময় আমরা সকলে মিলে ওকে সাহায্য করছি, যাতে ও মানুষের কাছে আরও বেশি পৌঁছতে পারে”।
রাজনৈতিক মহলের মতে, তৃণমূল ও বিজেপির পুরুষ প্রার্থীদের বিরুদ্ধে শর্মিষ্ঠার মতো এক গৃহবধূর প্রার্থী হওয়া এই কেন্দ্রে আলাদা মাত্রা যোগ করেছে। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ এবং পরিচিত মুখ হওয়ায় তিনি বাড়তি গ্রহণযোগ্যতা পেতে পারেন বলেই মত অনেকের।

